রাষ্ট্র মেরামতে সবার আগে ৩১ দফা দিয়েছিলাম আমরা

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:৪১ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলগুলো যারা রাজপথে ছিলাম। আন্দোলন-সংগ্রামে ছিলাম বাকস্বাধীনতা, অর্থনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছিলাম, সেই সব দলগুলো একসঙ্গে বসে প্রায় দুই আড়াই বছর আগে উপস্থাপন করেছিলাম ৩১ দফা। কেন ৩১ দফা উপস্থাপন করেছিলাম? কারণ একটিই। আমরা দেখেছিলাম পলাতক স্বৈরাচার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র মেরামতের জন্যই আমরা উত্থাপন করেছিলাম ৩১ দফা।’

গতকাল রবিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের হোটেল ফার্সে জাতীয়তাবাদী সমমনা দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘সবচেয়ে প্রথমেই যেটি ধ্বংস করেছিল, সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে তারা বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, জনগণকে ঘিরে। তাই রাষ্ট্রের কাঠামো যদি আমরা মেরামত না করি, তবে আমরা ব্যর্থ হব।’

তিনি বলেন, ‘আজকে অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র মেরামতের প্রয়োজন, এটা সবচেয়ে আগে আমরাই বলেছিলাম।’

২০১০ সালে যুক্তরাজ্যের নির্বাচনের সময়ে একটি টকশোতে তিনটি রাজনৈতিক দলের মধ্যকার আলোচনার বিষয়বস্ত ‘রোগীর কাছে অ্যাম্বুলেন্স কোন রাজনৈতিক দল দ্রুত নিয়ে যেতে পারবে’-এর সারসংক্ষেপ তুলে ধরে তারেক বলেন, ‘একটি গণতান্ত্রিক ব্যবস্থায় কে দেশ পরিচালনা করবে সেটি নিয়ে জনগণকেই আলোচনা করতে হবে। জনআকাক্সক্ষাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে। তাই জনগণের বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই চিন্তাভাবনা করা উচিত। জনগণই আমাদের রাজনীতির বড় পুঁজি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে ঠিক আওয়ামী লীগের মতো শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে একটি দল, কেন যে করা হচ্ছে আমার বুঝে আসে না। বিএনপির বিরুদ্ধে এরা যেন উঠেপড়ে লেগেছে। বিএনপিকে ছোট করতে চাইছে। তবে বিএনপির নেতৃত্বে কোনো সংকট নেই। আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। বিদেশি কিছু এজেন্ট চাচ্ছে কোনোভাবেই যেন এ দেশে শান্তিশৃঙ্খলা না আসে এবং সে ধরনের চেষ্টা করে যাচ্ছে।’

জাতীয়তাবাদী সমমনা দলের সমন্বয়ক এনপিপির ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে মোস্তাফিজুর রহমান মোস্তফা ও এসএম সাহাদাত সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, মাহাদী আমিন, জামায়াতে ইসলামীর মো. কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত