পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবার নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মুহাম্মদ আব্বাস। ২১ বছর বয়সী আব্বাসের জন্ম লাহোরে। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে খেলবেন পাকিস্তানে জন্ম নেওয়া এক খেলোয়াড়।
আব্বাসের বাবা আজহার আব্বাস পাকিস্তানে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। নিউজিল্যান্ডে পাড়ি দিয়ে খেলেছেন ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়েও। আব্বাসের বেড়ে ওঠা অকল্যান্ডে। ২০২২ সালে নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার কথা ছিল আব্বাসের। তবে কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ড।
গেল ফেব্রুয়ারিতে লিস্ট 'এ' ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস। লিস্ট 'এ' ক্রিকেটে ১৫ ম্যাচ খেলেছেন আব্বাস। প্রায় ৩৫ গড়ে রান করেছেন ৪৫৪, উইকেট পেয়েছেন ৫টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২১ টি। ৬ ফিফটির সঙ্গে সেঞ্চুরি আছে ২টি। পাকিস্তানের বিপক্ষে দলে সুযোগ পেয়েছেন আরেক নতুন মুখ ওয়েলিংটনের ব্যাটসম্যান নিক কেলি।
পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ড দলে নিয়মিত খেলা অনেক ক্রিকেটারই নেই। মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্ররা আইপিএল নিয়ে ব্যস্ত। কেইন উইলিয়ামসন আইপিএলে সুযোগ না পেলেও এই সিরিজে খেলবেন না। আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন তিনি।
নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও'রুরকে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।
