মিয়ানমারের প্রত্যন্ত গ্রামে একটি ক্লিনিকে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। স্থানীয়দের বরাতে সোমবার এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, শনিবার সকালে মাগওয়ে অঞ্চলের হান খার গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও তার স্ত্রী ছিলেন। হামলায় একটি বাড়ির ভেতরে খোলা অস্থায়ী ক্লিনিকটি বিধ্বস্ত হয়। তবে এ বিষয়ে জানতে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার এক বিধ্বংসী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশটির অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল নিজেদের দখলে নিয়ে অভ্যুত্থানবিরোধীরা। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
