মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি, এসিল্যান্ডকে ‘অব্যাহতি’!

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:১৬ এএম

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রাথমিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বাধীনতা দিবসে সিরাজুম মুনিরা কায়ছান ফেসবুক এ বিষয়ে একটি পোস্ট দেন। তবে এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।

এদিকে পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টার পর সেই পোস্ট মুছে ফেলা হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ  হোসেন বলেন, এসিল্যান্ড দাবি করেছে লেখাটি তিনি লিখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল।  জেলা প্রশাসক মহোদয় বলেছেন তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দিদারুল আলম বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসিল্যান্ড দাবি করেছে লেখাটি তিনি লিখেননি এ জন্য তার বিয়ষটি বিভাগীয়ভাবে তদন্ত করার পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান কল রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত