গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশা মহাসড়কে উঠলে তার বিরুদ্ধে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা নেওয় হবে।
তিনি বলেন, অটোরিকশাগুলো মহাসড়ক থেকে যেসকল ফিডার রোড রয়েছে সেসব ফিডার রোডে অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে যাত্রী উঠানামা করবে। এ জন্য অটোরিকশা চালক এবং যাত্রীদেরও সহযোগিতা করতে হবে। আর ঈদ উপলক্ষ্যে বাসের ভাড়া বেশী নেওয়া হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঈদে ঘুরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংএ এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচলের শৃংখলা আনয়নে বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সাথে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও কাজ করছে। মহাসড়কে কাঁচামাল ও নিত্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারি যানবাহন চলাচল বন্ধ করা হবে। সড়কের খানাখন্দ মেরামত করা হয়েছে।
তিনি নগরীতে ছিনতাই প্রসঙ্গে বলেন, ছিনতাইয়ের ব্যাপারে মহানগর পুলিশ জিরো টলারেন্স। আগের চাইতে ছিনতাই কমে এসেছে। বিভিন্ন স্থানে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে গিয়ে পুলিশের এক সদস্য গুরুত্বর আহত হয়েছে। তারপরও ছিনতাইকারীকে ছাড়া হয়নি। গোপনে অ্যাম্বুস করে ছিনতাইকারীদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, অনেকে চাকরি হারিয়ে ছিনতাই কাজে নেমেছে। তাদের যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশের ২৪ ঘণ্টার চাকরি, ঈদেও ছুটি নেই: স্বরাষ্ট্র সচিব
মাদারীপুরের এসপির নাম-ছবি দিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে টাকা দাবি