গুজরাটে আতসবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১১:২১ পিএম

ভারতের গুজরাটের একটি আতসবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। ভারতীয় পুলিশের দাবিতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) সকালে গুজরাটের বনাসকাণ্ঠা জেলার ডীসা শহরে আতসবাজির কারখানায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার ফলে ভবনের একাংশ ভেঙে পড়ে।

বনাসকাণ্ঠা জেলার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারের কাজ শুরু করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কারখানার শ্রমিকেরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রমিকেরা গোডাউনের একাংশেই তাদের পরিবার নিয়ে বসবাস করতেন। বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তাদের অনেকেই।

পুলিশের ওই কর্মকর্তা জানান, ভবনের একটি স্ল্যাব ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নিহতরা মধ্য প্রদেশের বাসিন্দা ছিলেন। এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। তিনি নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা দিয়েছেন। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন ইয়াদভও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণাতেও সোমবার একই ধরনের একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত