ঈদের তৃতীয় দিনে কত আয় করল ‘সিকান্দার’? 

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম

ঈদ মানেই বলিউড সুপারস্টার সালমান খানের বক্স অফিস তাণ্ডব। প্রত্যেক ঈদে ভক্তরা মুখিয়ে থাকেন সালমানের নতুন সিনেমার অপেক্ষায়। অভিনেতার ‘সিকান্দার’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি ‘সিকান্দার’।

ঈদের হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় দিনে ‘সিকান্দার’ ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বক্স অফিসে।

তৃতীয় দিন সিনেমাটি বক্স অফিসে ১৭.৮১ কোটি টাকা আয় করেছে। যার ফলে ৩ দিনে সিকান্দারের মোট আয় হয়েছে ৭২ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় বর্তমানে ৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। 

এদিকে স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে আয় বিশ্বব্যাপী ৯৫ কোটি হলেও ‘সিকান্দার’ নির্মাতাদের দেওয়া পরিসংখ্যান কিছুটা আলাদা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, সিকান্দার প্রথম দিনে ভারতে ৩৫.৪৭ কোটি এবং দ্বিতীয় দিনে ৩৯ কোটি আয় করেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।

তবে নিজ গতিতে বক্স অফিসে রাজত্ব করলেও সিকান্দার ভাঙতে পারেনি আগের কোনো রেকর্ড। এ বছর ভিকি কৌশলের ‘ছাভা’ বা মোহনলালের ‘এল ২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি সিকান্দার। এ ছাড়া নিজের আগের সিনেমাগুলোর রেকর্ডও ভাঙতে পারেনি সালমান খান। যেখানে ঈদ মানেই সালমান তাণ্ডব বক্স অফিসে, সেখানে এবার সিকান্দারে নেই সেই আমেজ।

এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত