গেল ২৫ মার্চ শিলংয়ে ভারতের সঙ্গে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ড্র করে বাংলাদেশ। হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফিফা র্যাংকিংয়ে। গতকাল ফিফা প্রকাশিত নতুন র্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে দুই ধাপ। বাংলাদেশের অবস্থান এখন ১৮৩তম। আগের চেয়ে ৫.৩৫ পয়েন্ট বেড়েছে। বাংলাদেশের র্যাংকিংয়ে উন্নতি হলেও অবনতি হয়েছে ভারতের। তারা এক ধাপ পিছিয়ে এখন ১২৭ নম্বরে।
বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে। সিঙ্গাপুরের বর্তমান র্যাংকিং ১৬১। র্যাংকিংয়ে শীর্ষেই আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয়ে তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৯১। আগের প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষ দশে যারা ছিল, এবারও তারাই আছে। তবে এর মধ্যে কিছু স্থান পরিবর্তন হয়েছে। স্পেন উন্নতি করে দ্বিতীয় স্থানে এসেছে। ফ্রান্স নেমে গেছে তিনে। নেদারল্যান্ডস উন্নতি করে এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে। ফলে সাতে নেমে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ইংল্যান্ড (৪), ব্রাজিল (৫), বেলজিয়াম (৮), ইতালি (৯) ও জার্মানি (১০) আগের অবস্থানেই আছে।
এবার র্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। তারা ৭ ধাপ এগিয়েছে, এর বিপরীতে সবচেয়ে অবনতি হয়েছে গিনি বিসাউয়ের (৮ ধাপ)।
