ধারাভাষ্যকার ওয়েনকে কটাক্ষ করলেন আর্নে স্লট

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম

মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয়ে উচ্ছ্বসিত ছিল লিভারপুল শিবির। কিন্তু ম্যাচের পর ভির্জিল ফন ডাইককে করা মাইকেল ওয়েনের এক প্রশ্নে ছন্দপতন ঘটে। প্রশ্নটিকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়েছেন নতুন কোচ আর্নে স্লটও।

প্রিমিয়ার লিগ প্রোডাকশনসের হয়ে ধারাভাষ্য দিতে আসা ওয়েন ম্যাচশেষে ফন ডাইককে প্রশ্ন করেন, ‘মৌসুমের শুরুতে কেউ যদি বলত প্রিমিয়ার লিগ জিতবে লিভারপুল, সবাই খুশি হতো। কিন্তু মৌসুমটি তো আরও বিশেষ কিছু হয়ে উঠছিল। কাপ প্রতিযোগিতায় কয়েকটি বড় হার পাওয়ার পর প্রিমিয়ার লিগে মনোযোগ ধরে রাখা কতটা কঠিন ছিল?’

ওয়েনের প্রশ্নে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন ফন ডাইক। তিনি বলেন, ‘এই ধরণের নেতিবাচক ভাবনা বদলাতে হবে। মৌসুম এখনো আমার চোখে বিশেষ কিছু হয়ে আছে।’

লিভারপুলের কোচ স্লটও ওয়েনের মন্তব্যে একমত হতে পারেননি। ফুলহামের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঠিক বুঝেছি তো? ভির্জিল বিরক্ত হয়েছিল কারণ, প্রশ্নটা এমনভাবে করা হয়েছিল যেন শুধু প্রিমিয়ার লিগ জিতলেই তা যথেষ্ট নয়? মাইকেল তো লিভারপুলের হয়ে খেলেছে। তাহলে তো জানা থাকার কথা, ৩৫ বছরে আমরা মাত্র একবার লিগ জিতেছি।’

তিনি আরও যোগ করেন, ‘যদি টানা ১০ বার লিগ জেত, তাহলে বলাই যায় 'শুধু' লিগ জেতা যথেষ্ট নয়। ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের জন্য সেটা আলাদা। কিন্তু লিভারপুলের জন্য প্রিমিয়ার লিগ জয়ই বিশাল কিছু। তাই আমার মতে প্রশ্নটা সত্যিই অদ্ভুত। ভির্জিলের মতো আমারও একই মত।’

বর্তমান লিগ পরিস্থিতি নিয়েও নিজের মত জানান স্লট। বলেন, ‘আজকের দিনে লিগ অনেক শক্তিশালী। এমনকি পেপ গার্দিওলাও বলেছিলেন, তার জীবদ্দশায় আর কোনো দল ১০০ পয়েন্টের বেশি নিয়ে লিগ জিতবে না। এখন অবনমনের জন্য লড়াই করা দলগুলোতেও এমন খেলোয়াড় আছে, যারা সিটি, আর্সেনাল বা আমাদের দলে খেলার যোগ্যতা রাখে।’

৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে লিভারপুল ছুটছে প্রিমিয়ার লিগ শিরোপার দিকে। আগামী রবিবার ওয়েস্ট লন্ডনে ফুলহামের বিপক্ষে নামবে তারা, লক্ষ্য আরও তিন পয়েন্ট অর্জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত