মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার দুর্যোগপীড়িত দেশটিকে সহায়তার জন্য বিশ্বের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন।
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত নতুন পরিসংখ্যান অনুযায়ী, ২৮ মার্চ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৩ হাজার ৩৫৪ জন নিহত ও ৪ হাজার ৫০৮ জন আহত এবং ২২০ জন নিখোঁজ রয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, জাতিসংঘের শীর্ষ ত্রাণ কর্মকর্তা মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ে হতাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। টম ফ্লেচার বলেন, ‘বিশ্বকে অবশ্যই মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে হবে।’
তিনি মানবিক ও কমিউনিটি গ্রুপগুলোর প্রশংসা করেছেন, যারা সাহস, দক্ষতা ও দৃঢ়তা দিয়ে ভূমিকম্প মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন। ফ্লেচার বলেন, ‘অনেকে নিজেরাই সবকিছু হারিয়েছেন, তারপরও বেঁচে যাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন।’
ফ্লেচার শুক্রবার রাত কাটিয়েছেন গত ২৮ মার্চ আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে অবস্থিত মান্দালয় শহরে; ভূমিকম্পে মিয়ানমারের এ দ্বিতীয় বৃহত্তম শহরের ক্ষয়ক্ষতিই সবচেয়ে বেশি হয়েছে।
মিয়ানমারের জান্তা যেসব এলাকার লোকজন তাদের সমর্থন করছে না সেসব এলাকায় ত্রাণ পৌঁছানোর কার্যক্রমে বাধা দিচ্ছে বলে শুক্রবার অভিযোগ করছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়।
জাতিসংঘ কার্যালয় জানিয়েছে, তারা বিমান হামলাসহ বিরোধীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর ৫৩টি হামলার তদন্ত করছে, যার মধ্যে ১৬টি ঘটেছে বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পর।
