গাজার ৬৫ শতাংশ এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা ইসরায়েলের

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:২৮ এএম

গাজা ভূখণ্ডের ৬৫ শতাংশ এলাকা ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য নিষিদ্ধ এলাকা নির্ধারণ করে দিয়েছে। উপত্যকাটিতে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযান জোরদার করতে তেল আবিব এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ত্রাণ ও মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থার (ওসিএইচএ) সমন্বয় কার্যালয় শুক্রবার জানায় যে, গাজার দুই-তৃতীয়াংশকে প্রবেশ নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে অথবা ইসরায়েলের বাস্তুচ্যুতি আদেশের আওতায় সেটাকে আনা হয়েছে। এর ফলে প্রাণ বাঁচাতে উপত্যকাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা।

ওসিএইচএ আরও জানায়, ইসরায়েলের এমন সিদ্ধান্তে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে চলমান আলোচনার মধ্যে ১৮ মার্চ ইসরায়েল ভূখণ্ডে তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করে। ওসিএইচএ আরও জানায়, নিষেধাজ্ঞার আওতায় পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ গাজার রাফার বড় একটি অংশ। গত ৩১ মার্চ সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। উত্তরে গাজা নগরীর বিভিন্ন অংশেও এই নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, পুনরায় অভিযান শুরু হওয়ার পর থেকে তাদের সৈন্যরা ৬০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং ২৫০ জনেরও বেশি সন্ত্রাসী নির্মূল করেছে। তিনি আরও বলেন, সামরিক বাহিনী পরবর্তী পর্যায়ে এগিয়ে গেছে। তাদের সৈন্যরা  ভূখণ্ডের সর্বদক্ষিণের অংশ রাফাহকে বিচ্ছিন্ন করে দিতে দক্ষিণ গাজায় অভিযান সম্প্রসারণ শুরু করেছে।

এদিকে, গাজায় ইসরায়েলের আকাশ ও স্থল হামলা অব্যাহত রয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েলের হামলায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হন। গাজা সিটির আল-আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। শনিবার ইসরায়েলের আগ্রাসনে আরও অন্তত ২১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এ পর্যন্ত গাজায় ১ হাজার ২৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ২২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত