মুরাদনগরে ঈদের পরেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম

কুমিল্লার মুরাদনগরে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এ সময় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে দুই দিনে তিন বাস কাউন্টার ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার সন্ধ্যায় ও রবিবার উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। 

এ সময় যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএনজি, অটোরিকশা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়ার পাশাপাশি অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ ধারায় রয়েল কাউন্টার ম্যানেজারকে ৫ হাজার টাকা, প্রান্তিক কাউন্টারকে ১০ হাজার টাকা এবং হানিফ বাস কাউন্টারকে ১০ হাজার টাকা  অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে। যাত্রীরা যেন অতিরিক্ত ভাড়া না দেয় সে ব্যাপারে সচেতন করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ অভিযানে উপজেলা প্রশাসন, বিআরটিএ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত