পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে। তবে ছুটির আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার সকাল ১১টায় ভারত থেকে আমদানি করা চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে বাণিজ্য শুরু হয়। এর আগে গত ২৮ মার্চ শুক্রবার থেকে শুরু করে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। এছাড়া সরকারি ছুটি ব্যতীত বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ছুটি শেষে আজ রবিবার সকাল ১১টায় ভারত থেকে চালবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরে কর্মরত শ্রমিকরা সকাল থেকে বন্দরে আসতে শুরু করেন ও তারা কাজে যোগ দিয়েছেন। এতে করে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস,বাংলা ট্রাকে পণ্য ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা বিভিন্ন পণ্য কিনতে হিলি স্থলবন্দরে আসতে শুরু করেছেন।
এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চ্যলতা ফিরতে শুরু করেছে। তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
