বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) মো. তিরান হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ পরিমার্জিত সংস্করণ জারি করা হয়েছে। নির্দেশিকায় সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান এবং কর্মকর্তা/কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করা, এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীদেরকে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সেগুলো হচ্ছে, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনও পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে; জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনও রকম তথ্য উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে; কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনও তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোন পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে; জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনও সার্ভিস/পোশাক হেয় প্রতিপন্ন করে এমন কোনও পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে; লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনও তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না; জনমতে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনও বিষয়ে লেখা অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না; ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে; অন্য কোনও রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্ত্রব্য সম্বলিত কোনও পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, যারা এই নির্দেশনা মানবেন না বা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ৫ অগাস্ট পরবর্তী সময়ে কিছু কর্মকর্তা-কর্মচারী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানা ধরনের পোস্ট দিচ্ছেন। পোস্টে নানা ছবি আপলোড দেওয়া হচ্ছে। এতে বেবিচকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এ ছাড়া বিভিন্ন পোস্টে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে, এতে কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ নষ্ট হবার শঙ্কা দেখা দিতে পারে। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু
গাজায় ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম