চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিলে বাধা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ এএম

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সচিবালয়মুখী মিছিলে কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মিছিলটি সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবন মোড়ে বাধা দেওয়া হয়।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। তারা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে তারা সেখান থেকে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুর ১টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। এরপরই সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অবরোধের পর মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করার পাশাপাশি জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। একপর্যায়ে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে সরে যান, পরে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়েছে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রতিনিধি জানান, শিক্ষা ভবনের সামনে পুলিশের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডে আহত হয়ে গতকাল আড়াইটার দিকে সাতজন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। আহতরা হলেন, ইসমাইল হোসেন (৫৯), কামরুল ইসলাম (৫০), মাহফুজুর রহমান (৫০), রতন কুমার দেব (৬০), মোতালেব হোসেন (৬৪), কামরুজ্জামান (৪২) ও সারোয়ার।

আহত কামরুজ্জমান বলেন, আমরা মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। কোনো হাঙ্গামা করিনি, ঝামেলা করিনি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জলকামান ছুড়েছে। গুলি ছাড়া সবকিছুই ব্যবহার করেছে পুলিশ। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। আমার বাম পায়ে সাউন্ড গ্রেনেড লেগে ফেটে গেছে।

বিডিআরের চাকরিচ্যুত সুবেদার ও লক্ষ্মীপুর সদর থানার বাসিন্দা আহত ইসমাইল হোসেন বলেন, আমরা চাকরিতে পুনর্বহালের দাবিতে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলাম। শিক্ষা ভবন মোড়ে পুলিশ আমাদের বাধা দেয়। পরে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে অনেকে আহত হয়েছি। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

এর আগে গত রবিবার পিলখানা বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান চাকরিচ্যুতরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত