স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া কিনতে চান রোনালদো

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১২:০৩ পিএম

ফুটবল মাঠে এখনও দাপট দেখাচ্ছেন, তবে ভবিষ্যতের পথ ঠিক করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার মাঠের বাইরে এবার ক্লাব মালিকানা নিতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। টার্গেট করেছেন স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব ভ্যালেন্সিয়া সিএফকে।

সৌদি আরবের আল-নাসর ক্লাবের হয়ে খেলছেন রোনালদো। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার গোলসংখ্যা ২৪। তবে বয়স ৪০ ছুঁই ছুঁই—ফলে খেলার পাশাপাশি এবার নিজেকে ফুটবলের প্রশাসনিক ভূমিকায় দেখার ইচ্ছা তার। সেই পরিকল্পনারই অংশ হিসেবে ভ্যালেন্সিয়ার মালিকানা নিতে চাইছেন তিনি।

বর্তমানে লা লিগার ১৪তম অবস্থানে থাকা ভ্যালেন্সিয়া রয়েছে রীতিমতো অস্তিত্ব সংকটে। ক্লাবটির মালিকানা রয়েছে সিঙ্গাপুরের ব্যবসায়ী পিটার লিমের হাতে। ২০১৪ সালে মালিকানা নেওয়ার পর কেবল ২০১৯ সালের কোপা দেল রে জিতেছে ক্লাবটি। এরপর থেকে চলছে অবনমন ঠেকানোর লড়াই। এতে করে ক্ষুব্ধ ভ্যালেন্সিয়ার সমর্থকেরা, দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন নতুন মালিকানার।

সেই সুযোগেই এবার এগিয়ে এসেছেন রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন পিটার লিম। দাম হাঁকিয়েছেন প্রায় ৪০০ মিলিয়ন ইউরো (৪৩৮ মিলিয়ন ডলার)। রোনালদো এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন। তাকে আর্থিক সহায়তা দিচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

রোনালদো ও পিটার লিমের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও দারুণ। এমনকি লিমের ছেলে কিয়াত লিমের সঙ্গেও রোনালদোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে একসঙ্গে দেখা গেছে বহুবার। রোনালদো সিঙ্গাপুরে গিয়ে লিম পরিবারের আয়োজিত স্কলারশিপ বিতরণেও অংশ নিয়েছেন।

তবে শর্ত আছে—ভ্যালেন্সিয়া লা লিগায় থেকে গেলে তবেই চূড়ান্ত হবে রোনালদোর প্রস্তাব। যদি সব ঠিকঠাক হয়, তাহলে প্রথমবারের মতো কোনো বিশ্বখ্যাত ফুটবলার মালিক হবেন এমন একটি ঐতিহাসিক ক্লাবের, যা নতুন এক অধ্যায়ের সূচনা করবে ফুটবল বিশ্বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত