রান উৎসবের ম্যাচে কলকাতার রুদ্ধশ্বাস পরাজয়

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৮:১১ পিএম

আইপিএলে আবারও দেখা গেল রান উৎসব। লখনৌ সুপার জায়ান্টসের গড়া রান পাহাড় প্রায় টপকেই যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে একাই ছুটছিলেন রিংকু সিং। কিন্তু লখনৌয়ের দুর্দান্ত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত তারা পেরে উঠল না। রুদ্ধশ্বাস ম্যাচটি ৪ রানে জিতে নিয়েছে রিশাভ পান্তের দল।

ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শ আর নিকোলাস পুরানোর তাণ্ডবে ৩ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়ে লখনৌ সুপার জায়ান্টস। ১০.২ ওভার স্থায়ী ওপেনিং জুটিতেই এসে যায় ৯৯ রান। এইডেন মার্করাম ২৮ বলে ৪৭ আর মিচেল মার্শ ৪৮ বলে ৬ চার ৫ ছক্কায় ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনে নেমে নিকোলাস পুরানও কম যাননি। মাত্র ৩৬ বলে ৭ চার ৮ ছক্কায় অপরাজিত ৮৭ রানের ইনিংস আসে এই ক্যারিবিয়ানের ব্যাট থেকে। কলকাতার হর্ষিত রানা বল হাতে ৫১ রান খরচায় নেন ২ উইকেট।

রান তাড়ায় নেমে কলকাতার শুরুটা ভালো না হলেও আজিঙ্কা রাহানে আর ভেঙ্কটেশ আয়ারের ব্যাটে দ্রুতই তারা ঘুরে দাঁড়ায়। অধিনায়ক রাহানে ৩৫ বলে ৮ চার ২ ছক্কায় ৬১ ও ভেঙ্কটেশ ২৯ বলে করেন ৬৫ রান। ওপেনিংয়ে ১৩ বলে ৩০ রান করেন সুনিল নারাইন। এরপরই হুট করে ধস নামে কলকাতার ব্যাটিং লাইনআপে। ৩ উইকেটে ১৬২ থেকে ২৩ রানের মধ্যে আরও ৪টি উইকেটের পতন ঘটে।

জয়ের জন্য কলকাতার সামনে শেষ ১২ বলে সমীকরণ দাঁড়ায় ৩৮ রানের, হাতে ছিল ৩ উইকেট। ক্রিজে তখনো ছিলেন হার্ডহিটার খ্যাত রিংকু সিং। তার ব্যাটিং তোপে শেষ ওভারে প্রয়োজন পড়ে ২৪ রানের। কিন্তু একাকী রিংকু সিং সেই সমীকরণ মেলাতে পারেননি। ২০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রানে থামে কলকাতা। রিংকু অপরাজিত থাকেন ১৫ বলে ৬ চার ২ ছক্কায় ৩৮ রানে। লখনৌ তুলে নেয় ৪ রানের জয়। দুটি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ আর শার্দুল ঠাকুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত