চট্টগ্রাম

বাস থেকে নেমে আরেক গাড়ির চাপায় নারীর মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম

চট্টগ্রাম নগরের লালখান বাজার মোড়ে একটি বাস থেকে নামার সময় অন্য একটি বাসের চাপায় রিয়া মজুমদার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত রিয়া মজুমদার গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সীতাকুন্ড থেকে ছেড়ে আসা ৭ নম্বর বাস (চট্টমেট্রো ছ ১১-১৬১৫) থেকে লালখান বাজার মোড়ে নামতে গিয়ে রিয়া মজুমদার পড়ে যান। এ সময় দ্রুত গতির ২ নম্বর (চট্টমেট্রো জ ১১-১৪১৬) বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বাস দুটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত