যৌক্তিক কারণ এবং শ্রম আইনের প্রতিপালন ব্যতীত মালিকপক্ষ শ্রমিক ছাঁটাই করবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান। গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২০তম সভায় এ কথা বলেন তিনি। সভায় গত ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ ও ছুটির বিষয়ে গৃহীত পদক্ষেপের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে শ্রমিক ও মালিকপক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশনায় এবং আরএমজি-টিসিসি সদস্যদের পরামর্শ অনুযায়ী সভায় সিদ্ধান্ত হয় যে, মালিকপক্ষ যৌক্তিক কারণ ছাড়া শ্রমিক ছাঁটাই করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কারখানা মালিককে বিদেশযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে।
শ্রম সচিব বলেন, টিএনজেড লিমিটেড কর্র্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২০তম সভায় জানিয়েছেন তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ ঘোষণা করেছেন। শ্রম আইন অনুযায়ী, ফ্যাক্টরির সব শ্রমিকের যাবতীয় পাওনাদি পরিশোধে কর্র্তৃপক্ষ কর্র্তৃক গৃহীত সার্বিক পদক্ষেপগুরো পর্যবেক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত সচিবকে (শ্রম) আহ্বায়ক করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধি, সংশ্লিষ্ট কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধি, শ্রমিক সংগঠন, জেলা প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি
