‘বোলিং ছাড়া টেস্টে আমরা খুব বেশি উন্নতি করিনি’

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পিএম

জাতীয় দলের টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক এখন ডিপিএলে আবাহনীর হয়ে খেলছেন। আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ২৪ বলে ১৭ রানের ইনিংস খেললেও দল জিতেছে বিশাল ব্যবধানে—১৩৩ রানে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উঠে এল জাতীয় দলের প্রসঙ্গও। বিশেষ করে সামনে আসা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন বাঁহাতি এ ব্যাটার।

গত বছরের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন মুমিনুল। তার চোখে, দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারায় বছরের অর্জন অনেকটাই খাঁটিতে রয়ে গেছে।

স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না আমরা খুব ভালো করেছি। যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারতাম, তাহলে বলতাম ভালো হয়েছে। কিন্তু সেটা হয়নি। আমরা আগেও টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ নম্বরে ছিলাম, এবারও তাই। উন্নতি কোথায়?’

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়েও তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার। ছোট দল বলে কাউকে খাটো করে দেখার পক্ষপাতী নন তিনি। বরং জয়টাই একমাত্র লক্ষ্য। মুমিনুল বলেন, ‘এখন আর কেউ ড্রয়ের জন্য খেলে না। সবাই জিততে চায়। আমরাও চাইব জিম্বাবুয়েকে হারাতে। ওদের ছোট দল ভাবলে ভুল করব। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে যেমন, বাইরের ম্যাচগুলোতেও আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।’

অভিজ্ঞ এই ব্যাটারের কণ্ঠে আত্মবিশ্বাসের পাশাপাশি ফুটে উঠল বাস্তবতাও। উন্নতির জায়গা খোঁজার পাশাপাশি সামনে তাকিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ, আর মুমিনুল সেই পথেরই একজন নির্ভরযোগ্য যাত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত