দাউদকান্দিতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে দুইজন নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  

নিহতরা হলেন- কাভার্ডভ্যানচালক বেলাল হোসেন (৩০) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে এবং ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কাওসিক আহাম্মেদ ও উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ভোররাতে পুটিয়ায় ঢাকামুখী লেনে চাল বোঝাই একটি ট্রাক ও প্লাস্টিক ড্রাম বহনকারী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক এবং ট্রাকের হেলপার প্রাণ হারান। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।  

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত