আখাউড়া

ট্রেনে তেল চুরির ঘটনায় চালক ও পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলসেকশনে মালবাহী ট্রেন থেকে দেদারছে তেল চুরি হচ্ছে। ট্রাফিক ও লোকোসেডের এক শ্রেণির অসাধু কর্মকর্তারা এতে সরাসরি জড়িত। হাসিনা পতনের পর কিছু দিন বন্ধ থাকলেও পুনরায় শুরু হয়েছে ইঞ্জিনের তেল চুরি। চট্টগ্রাম-ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেন থেকে তেল চুরির ঘটনায় মঙ্গলবার ট্রেন চালক ও পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনায় রেলওয়ের উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি টিম তদন্তে নেমেছে।
 
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-ঢাকা রেলপথের আখাউড়া রেলজংশন এলাকার কোড্ডা নামক স্থানে মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্চিন থেকে নিয়মিত তেল চুরি হয়। ট্রেন চালক ও পরিচালসহ ট্রেনে কর্মরত সবাই এই চুরির সঙ্গে জড়িত। একটি চোরাই সিন্ডিকেট এখানে ট্রেন থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরি করছে দীর্ঘদিন ধরে। হাসিনা পতনের পর কিছুদিন বন্ধ ছিল তেল চুরি, পরে নাম বদলে করে পুনরায় স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে দেদারছে তেল চুরি শুরু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, সোমবার রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে তেল চুরি প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম-ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে চুরির সময় হাতেনাতে ২১০ লিটার তেল উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ।

এ ঘটনায় ট্রেন চালক মো. নাসির উদ্দিন, সহকারী চালক আ. রাজ্জাক, ট্রেন পরিচালক মো. ওমর ফারুকসহ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ মিয়া (২৮), ইসহাক মিয়া (৩০) ও শামীম মিয়া (৪৭) নামে ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।

আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, আসামি গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে তবে ট্রেন চালক ও পরিচালকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য।

তেল চুরির ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট আরএনবি মো. ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন হয়েছে বলেও তিনি জানান। 

আখাউড়া লোকোসেড ইনর্চাজ উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, এই ঘটনার সঙ্গে তাদের অফিসের কোনো সম্পৃক্তা নেই। জড়িতরা ঢাকা ও চট্টগ্রামে কর্মরত।

তদন্তকারী কর্মকর্তা মো. ফিরোজ আলী জানান, বুধবার ঘটনাস্থল পরির্দশন শেষে আজ বৃহস্পতিবার তারা তদন্তে নেমেছেন। ট্রেনে কর্মরত চালক ও পরিচালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত