মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা গ্রামের তরুণ জুলহাস মোল্লার তৈরি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের উড়োজাহাজে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্য দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে এ সহযোগিতা দেওয়া হয়।
অনুষ্ঠানে জুলহাসের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ‘জুলহাসরা তাদের মেধার বিকাশ ঘটানোর সুযোগ রাষ্ট্রীয়ভাবে পায় না। কিন্তু এই রকম জুলহাসরা সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। গ্রাম অঞ্চলে এই রকম মেধাবীরা রয়েছে, যারা নিজেদের বিকশিত করতে পারে না।’
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘জুলহাসের মতো মেধাবীদের খুঁজে পেলে আমাদের জানাবেন। যারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহযোগিতা করবেন।’
এ সময় জুলহাস মোল্লা সহযোগিতা করার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি সবসময় তারেক রহমানের কাছে কৃতজ্ঞ থাকব।’
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।
আতিকুর রহমান রুমন বলেন, ‘জুলহাস যখন বিমানটি তৈরি করেছিল, তখন আমরা তারেক রহমানের নির্দেশে ছুটে গিয়েছিলাম। তখন আমরা তাকে উৎসাহ দিয়েছিলাম। একই সঙ্গে কথা দিয়েছিলাম জুলহাস মোল্লার পাশে সবসময় থাকব।’
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনির পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (অ্যাব) সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ রায়হান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ প্রমুখ।
পেশায় ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা জীবনে কখনো উড়োজাহাজে চড়েননি। সম্প্রতি আরসি মডেলের একটি উড়োজাহাজ তৈরি করে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন তিনি। এই অসাধারণ উদ্ভাবনী কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে প্রথমবার আর্থিক সহায়তা দেন তারেক রহমান।
