কুমিল্লার লাকসামে সম্পত্তির জন্য এক বাবাকে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম আব্দুল জলিল (৬০)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল জলিলের অভিযোগ, সম্পত্তি নিজের নামে লিখে দিতে রাজি না হওয়ায় স্ত্রী ও সন্তানেরা মিলে তাকে মারধর করেন এবং পরে হাত-পা বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে লাকসাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- জলিলের স্ত্রী রিনা আক্তার (৪৫), ছেলে নোমান (২০), রকি (১৬) এবং মেয়ে নাজমিন (২৬) ও নুপুর (১৩)।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে আব্দুল জলিলকে ধরে মারধর করছেন তার ছেলেরা। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে দিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে মেয়েরাও এসে নির্যাতনে যোগ দেন।
ভিডিওতে দেখা যায়, মুখে গরম পানি ঢালার পর চিৎকার করে জলিল বলছেন, ‘আমারে বাঁচান’, ‘জসিমের মা, আমাকে বাঁচা’, ‘ও ভাইরে ভাই’।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল জলিলের নামে প্রায় ১২০ শতক জমি রয়েছে। বড় ছেলে বিদেশে থাকেন। জলিল ওই ছেলেকে সম্পত্তি থেকে বাদ দিয়ে বাকি সন্তানদের কিছুই দিতে চাননি। এ নিয়েই দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
নির্যাতনের বিষয়ে আব্দুল জলিল বলেন, ‘অনেক দিন ধরেই আমার স্ত্রী ও সন্তানরা চাপ দিচ্ছে জমি লিখে দেওয়ার জন্য। আমি রাজি না হওয়ায় তারা প্রায় সময় গালাগাল ও মারধর করত। বৃহস্পতিবার আমাকে ঘরের বাইরে এনে মারতে মারতে হাত-পা বেঁধে ফেলে। পরে গরম পানি ঢালে। স্থানীয়রা না এলে হয়তো মেরেই ফেলত।’
তিনি আরও বলেন, ‘ভয়ে এখন আর বাড়িতে যাই না। রাত কাটিয়েছি রাস্তায়।’
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ‘ঘটনার ভিডিও আমাদের নজরে এসেছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। নির্যাতনের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
