অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। গতকাল শুক্রবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
সেলিমা রহমান বলেন, ‘দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবিলার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।’ তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন।’ সেলিমা রহমান বলেন, ‘নির্বাচিত সরকার এলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যে সব ষড়যন্ত্র হচ্ছে, তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না।’
দেশের সব খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে।’ অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অত্যন্ত গুণী ব্যক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি তার ওপর আস্থা রাখে। আমরা আশা করি, তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন।’
সেলিমা রহমান বলেন, ‘গণতন্ত্রহীনতা ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।’
