বিরোধের জেরে ভাঙা হলো প্রধান শিক্ষকের হাত!

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম

মাগুরার শালিখা উপজেলার একটি স্কুলের অ্যাডহক কমিটি গঠন ও পূর্ববিরোধের জেরে প্রধান শিক্ষক মিজানুর রহমানকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার ছান্দাড়া বাজারে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান উপজেলার ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুলটির অ্যাডহক কমিটি গঠন ও স্থানীয় আধিপত্য নিয়ে রবিউল নামে এক পল্লী চিকিৎসকের সঙ্গে প্রধান শিক্ষকের দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার ওপর  হামলার ঘটনা ঘটে। পরে আহত শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। তার বাম হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হামলার বিষয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাহাঙ্গীর ও ইনছার নামে দুই ব্যক্তি। পরে তারা আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।’

শালিখা থানার ওসি মো. ওলি মিয়া বলেন, ‘হামলার ঘটনাটি স্কুল কমিটি গঠন ও পূর্ববিরোধ নিয়ে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত