ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উদ্যাপনের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি করা দুটি প্রতীকী মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে ‘ফ্যাসিবাদের প্রতীক’ হিসেবে নির্মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব। পাশাপাশি, ‘শান্তির পায়রা’ শিরোনামে তৈরি আরেকটি মোটিফও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চারুকলা অনুষদের মোটিফ তৈরির স্থান পরিদর্শনে দেখা গেছে, আগুনে দুটি মোটিফই ক্ষতিগ্রস্ত হয়েছে- শেখ হাসিনার প্রতীকী মুখাবয়বটি সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে, আর ‘শান্তির পায়রা’ আংশিক পুড়ে গেছে।
এ ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম এটিকে পরিকল্পিত কর্মকাণ্ড হিসেবে সন্দেহ করছেন। তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে প্রক্টরিয়াল মোবাইল টিম নামাজ পড়তে বের হলে, সেখানে কেবল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত হয় শেখ হাসিনার মুখাবয়ব স্থাপনের জায়গায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও প্রতীকী মোটিফটি পুরোপুরি পুড়ে যায়।
সহকারী প্রক্টর আরও জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এবারের নববর্ষ উদ্যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে। সেই প্রতিপাদ্য অনুসারে, মূল মোটিফ হিসেবে তৈরি করা হয় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’—২০ ফুট উচ্চতার একটি প্রতীকী মুখাবয়ব, যা বাঁশ ও বেত দিয়ে নির্মিত। এতে দেখানো হয়েছে দানবীয় এক নারীর মুখ, যার মাথায় চারটি শিং, হাঁ করা মুখ, বড়সড় নাক ও আতঙ্কভরা দুটি চোখ।
সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ ১০ বাংলাদেশি আটক
চীনের সঙ্গে চুক্তি করতে পারলে ভালো লাগবে: ট্রাম্প