বিএনপি নির্বাচনের রোডম্যাপ দেখতে চায়: দুদু

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি নির্বাচনের নির্ধারিত রোডম্যাপ দেখতে চায়। রোডম্যাপ হয়ে গেলেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। এর আগেও ভোটের মাধ্যমে কয়েকবার বিএনপি ক্ষমতায় গেছে। আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। 

শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার দ্যা গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট সেন্টারে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যতদিন আমরা মানুষের ভোটাধিকির ফিরিয়ে দিতে না পারবো ততদিন আমাদের রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। 

তিনি বলেন, আমরা একটি দানবিক ও খুনি হাসিনা সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার বাংলাদেশকে, বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে। বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বরে বা তার দুই এক মাস আগে পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। 

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, মো. আমিনুল ইসলাম ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক ও আক্তারুজ্জামান মিয়া। যৌথসভায় জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত