লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্পেনপ্রবাসী সাইজুদ্দিন দেওয়ান (৪৫) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান, নিহত প্রবাসীর স্ত্রী নারগিস বেগম, বড় ছেলে লিখন ও ছোট ছেলে নাসিম এবং স্থানীয় সোহাগ হোসেন, ফয়সাল ও মাসুদ।
বক্তারা বলেন, প্রধান আসামি ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজ বিএনপি নেতা হওয়ায় পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করছে না। তারা গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবারের সদস্যসহ এলাকার মানুষকে নানা ধরনের ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে। এই দুই আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
হত্যার ছয় দিনে প্রধান আসামিসহ তার ভাই গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নারগিস বেগম বলেন, ‘আমার স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলার আসামি বিএনপি ও এর সহযোগী সংগঠনের পদধারী নেতা। তাই পুলিশ আসামিকে ধরতে ভয় পাচ্ছে। এতে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি।’
গত ৭ এপ্রিল বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাইজুদ্দিন দেওয়ান নিহত হন। এতে আরও অন্তত ১৫ জন আহত হন। গত বুধবার নিহতের বড় ভাই হানিফ দেওয়ান রায়পুর থানায় হত্যা মামলা করেন।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, ‘ফারুক কবিরাজ, মেহেদী কবিরাজসহ সব আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
