দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট আবারও উঠল ব্রাজিলের মাথায়। আর সেটাও কী দারুণ নাটকীয়তায়! শিরোপা লড়াইয়ে লন্ডোনোর গোলে পিছিয়ে পড়েছিল দলটি। তবে নির্ধারিত সময়ের ঠিক আগে আঙ্গেলোর গোলে সমতা ফেরায় ব্রাজিল। এরপর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে নিজেদের রেকর্ড ১৪তম শিরোপা নিশ্চিত করে সেলেসাও যুবারা।
এই শিরোপা জয়ে আরও একবার প্রমাণ হলো—এই প্রতিযোগিতার রাজা ব্রাজিলই। ১৪টি শিরোপা নিয়ে তারা সবচেয়ে সফল দল, আর দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার শিরোপা মাত্র ৪টি।
ম্যাচের প্রথমার্ধ ছিল রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের। বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল ব্রাজিল। উল্টো লন্ডোনোর নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশে গোল করেন সেভিয়ানো, কলম্বিয়াকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। ব্রাজিল পুরো সময়জুড়ে আক্রমণে ব্যস্ত থাকলেও গোলের দেখা পায়নি। অবশেষে ৮৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বদলি হিসেবে নামা রাফায়েল গনসাগা বাঁ দিক থেকে নিখুঁত ফ্রি কিক বাড়ান বক্সে, ডান প্রান্ত থেকে উঠে আসা আঙ্গেলো হেডে বল জড়ান জালে। গোলরক্ষক মেনডোজা ঝাঁপালেও রুখতে পারেননি।
এরপর টাইব্রেকারে ব্রাজিল দেখায় নিখুঁত দক্ষতা। গুস্তাভো, তিয়াগো, রুয়ান পাবলো ও ডেল গোল করেন একের পর এক। কলম্বিয়ার হয়ে রিভাসের শট ঠেকান ব্রাজিলের গোলরক্ষক থিয়াগো জামপা, আর কাতানিয়োর শট পোস্টে লেগে ফেরত আসে।
নাটকীয় ম্যাচে এমন এক ফিরে আসা—চ্যাম্পিয়নশিপের মঞ্চে যা আরও স্মরণীয় করে রাখল ব্রাজিলের এই স্বর্ণজয়।
চ্যাম্পিয়নের ভাগ্য, সৌভাগ্যের জোরে বার্সার কষ্টার্জিত জয়