বিডা চেয়ারম্যান

সম্মেলনে ৩১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম

বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩ হাজার এক শ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আজ রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আশিক চৌধুরী বলেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলন সফল হয়েছে কি হয়নি তা সময়ই বলে দেবে। দশে দশে না পেলেও সম্মেলনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। দেশে বিনিয়োগ বাড়াতে বছরে এক বা একাধিক বিনিয়োগ সম্মেলন করতে হবে।

বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ৫ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে সরকারের খরচ ১ কোটি ৪৫ লাখ টাকা।

বিনিয়োগের সব ক্রেডিট এই সামিটের নয়, এটা আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামিটে এসেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দিবেন বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই।

গত ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীতে বিনিয়োগ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি কমপক্ষে সাড়ে চার শর মতো বিনিয়োগকারী অংশ নিয়েছিল। সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকরা। বেশ কয়েকটি সমঝোতা স্মারকও সই হয়েছে সম্মেলনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত