এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনও চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, তারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছে, কিন্তু আমাদের হাতে মাত্র দুটি কার্যদিবস বাকি আছে। তাই এই সময়ের মধ্যে চুক্তি হচ্ছে না।

তিনি বলেন, প্রজেক্টটা ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাসে ফাইনাল বোঝাপড়ার ধাপটা শুরু হয়েছিল। যা এখনো চলমান। সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। যা চলমান থাকবে। এটা সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে চলমান আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এটি ইতিবাচক ও সঠিক পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

তিনি আরও জানান, ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট পর্যালোচনার জন্য ডিপি ওয়ার্ল্ড অতিরিক্ত সময় চেয়েছে। ফলে আলোচনার প্রক্রিয়া আরও কিছুদিন চলবে এবং এটি নির্বাচনের পরবর্তী সরকারের আমলেও অব্যাহত থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত