কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সবুজ (৩২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক। গত রোববার (১৩ এপ্রিল) রাতে চান্দিনা উপজেলা সদরের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সবুজ চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে চান্দিনা উপজেলা সদরের বেলাশহর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
দগ্ধ অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, সবুজের শরীরের ৩০ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা সদরের হাসপাতাল সড়কের ইউনুছ মিয়ার একটি গ্যারেজে সবুজসহ তিনজন চালক তাদের অটোরিকশা রাখতেন। পালাক্রমে তারা পাহারার দায়িত্ব পালন করতেন। চার মাস আগে এক রাতে পাহারার দায়িত্বে ছিলেন সবুজ। রাত আনুমানিক দুইটার দিকে তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গেলে তালাবদ্ধ গ্যারেজ থেকে চোরচক্র দুটি অটোরিকশা নিয়ে যায়। পরদিন সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মানিক নামে এক যুবককে আটক করলেও রাতেই ছেড়ে দেয়।
পরে স্থানীয় কয়েকজন মাতবর সবুজকে চুরির সঙ্গে জড়িত বলে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তবে সবুজ দাবি করেন, তিনি নির্দোষ এবং এই অর্থ দেওয়ার সামর্থ্য তার নেই।
পরে রবিবার রাতে সালাউদ্দিন নামে এক ব্যক্তি, স্থানীয় মাতবরদের পরোক্ষ সহায়তায়, সবুজকে আটকে তার অটোরিকশাটি নিয়ে যান এবং ফের জরিমানা দেওয়ার জন্য চাপ দেন। অপমান সইতে না পেরে সবুজ সবার সামনে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সবুজের স্ত্রী খুশি আক্তার বলেন, মাতবররা চোর ধরে ছেড়ে দিছে, আর আমার স্বামীকে চুরির অপবাদ দিয়ে জরিমানা করেছে। এই অপমান সহ্য করতে না পেরে সে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গরিবের জন্য আইন নাই, বিচার নাই। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অটোরিকশা চুরির ঘটনায় মানিক, সাইফুল ও নাজমুলের বিরুদ্ধে মামলা হয়েছে। সবুজকে দায়ী করে চাপ সৃষ্টি করলে সে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চুরি করতে না পেরে দুজনকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্র উদ্ধার
মহেশখালীকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা