স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখার কথা আমার নয়, জনগণের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পিএম

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো এ নিয়ে কিছু বলিনি, এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।

চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ঘটনাটি না ঘটা উচিত ছিল। যেহেতু ঘটে গেছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা সে চেষ্টা করবো। সতর্ক থাকার পরও অনেক সময় এ রকম ঘটনা ঘটে যায়। আমাদের যদি কোনো চেষ্টা ত্রুটি থাকে সে বিষয়ে আপনারা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। বলা হচ্ছে, রাঘব-বোয়ালদের আটক না করে ছোটদের আটক করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারব না। এজন্য যে আমরা কিন্তু রাঘব-বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। কিন্তু রাঘব-বোয়ালদের তো আমার জালে আসতে হবে। জালে আসার আগ পর্যন্ত তো তাকে আমি ধরতে পারছি না। আমাদের জালে যে আসতেছে ওইটাকে কিন্তু ধরতেছি। তবে কেউ যদি জালে আসার পর যদি আমি ছেড়ে দিছি, তাহলে আমাকে বলতে পারেন।

কোর কমিটির বৈঠকের বিষয়ক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি, ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ শান্তিপূর্ণ ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। সবার সার্বিক সহযোগিতায় এবারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো।

সবাই নিরাপদ ও নির্বিঘ্নে ও উৎসব উদযাপন করতে পেরেছে, এ জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত