সিংগাইরে হামলা চালিয়ে সাংবাদিকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পিএম

মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এবং দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ভেঙে গেছে মাসুম বাদশার বাঁ হাত। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধল্লা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংবাদিক মাসুমের ব্যবসায়িক প্রতিষ্ঠান ধল্লা পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার অফিসে ঢুকে ধল্লা মধ্যপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুস সালামের (৫৩) নেতৃত্বে ধল্লা লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর ছেলে হুমায়ন (৪০), তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০), কাউছারের ছেলে জিসান (২২) ও জোনাব আলীর ছেলে ওয়াজ উদ্দিনসহ (৪৫) অজ্ঞাত ৮-১০ জন দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এলোপাথাড়ি মারপিটের সময় হুমায়নের রডের আঘাতে তার বাম হাত ভেঙে যায়। এ সময় আনোয়ার দা দিয়ে মাথা লক্ষ্য করে কোপ দেয়, যা ডান হাতের কব্জিতে লাগে। তার চিৎকারে ওই অফিসের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক মাসুম বাদশাহ বলেন, হামলাকারীরা এলাকার মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের কয়েকজনের বিরুদ্ধে ইতিপূর্বে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে হুমায়নের ভাই ও বোনের অনিয়ম ও দুর্নীতির সংবাদ দৈনিক ভোরের কাগজ ও দৈনিক ফুলকি পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়েছে। এরই জেরে তারা হামলা ও হত্যার পরিকল্পনা করে। ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা খোলস পাল্টে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের মাত্রা বাড়িয়ে দেয় এবং আমার কাছে চাঁদা দাবি করে। সংবাদ প্রকাশ ও চাঁদা না দেওয়ার জেরে আমাকে তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এ দিকে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সিংগাইর প্রেসক্লাবের এক জরুরি সভায় নিন্দা প্রস্তাবে জড়িতদের শাস্তি দাবি করা হয়। এ ছাড়া সিংগাইর ও মানিকগঞ্জের অনেক সাংবাদিক এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত