দলীয়করণ করে শিক্ষাখাত ধ্বংস করেছে আ. লীগ: মোস্তফা জামান

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. মোস্তফা জামান বলেছেন, ১৬ বছরে শিক্ষাখাতে দলীয়করণের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। একদলীয় শাসন, নিজস্ব লোক দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গভর্নিং বডির পরিচালনা পরিষদ মাধ্যমে অর্থ লুটপাট করেছে তারা। ২৪-শের গণঅভ্যুত্থানের পর এখন এই চিত্র সবার মাঝে ফুটে উঠেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উত্তরায় ঢাকা উইমেন কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা এখনও বাস্তবায়ন হচ্ছে না। এর কারণ আওয়ামী লীগের দোসররা এখনও প্রতিষ্ঠানগুলোতে কর্মরত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দাবি দিয়েছেন সে দাবির ভেতরে উন্নত ‌শিক্ষার ব্যবস্থার কথা রয়েছে। চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়তে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উচিত অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের দায়িত্ব হস্তান্তর করা। কারণ দেশের মানুষ নির্বাচন চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন কলেজ নবগঠিত গভর্নিং বডির শেখ মো. রুহুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইমেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাতেনসহ শিক্ষক শিক্ষার্থী ও নবগঠিত গভর্নিং বডির সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত