ফেনীর সোনাগাজীতে ইব্রাহিম খলিল সোহাগ নামে এক মাদক কারবারিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরগোপালগাঁও এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল। এসময় চেরু পন্ডিত বাড়িতে সোহাগের শয়ন কক্ষ থেকে একটি পাইপগান ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আখন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক মামলার আসামি। অস্ত্র মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
