আশুলিয়া সাব রেজিস্টার অফিসে দুর্নীতির প্রমাণ পেল দুদক 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম

দলিলে‌ তথ্য গোপন করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা সাব রেজিস্টার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি, রেজিস্ট্রিকৃত দলিল যাছাইসহ সেবা গ্রহীতাদের সাথে কথা বলে নানা অনিয়মের সত্যতা পান।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে একটি দল আশুলিয়া সাব রেজিস্টার অফিসে এই অভিযান পরিচালনা করেন। 

অভিযান পরিচালনার সময় দুদক কর্মকর্তারা আবাসিক স্থাপনাকে বাগান দেখিয়ে দলিলের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে সত্যতা পায়। এ ছাড়াও বিভিন্ন ফি হিসেবে নকল নবিশদের অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এ সময় দুদক প্রমাণ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে নিয়ে গেছে । 

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, দীর্ঘদিন ধরেই আশুলিয়া সাব রেজিস্টার অফিস আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল। এর ধারাবাহিকতায় কিছু গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকাল থেকে আমরা এখানে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় আমরা সাব রেজিস্টার অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি করি। এখানে কারা কাজ করছে, কীভাবে কাজ করছে সেগুলো পর্যবেক্ষণ করি। এখানে দালালের দৌরাত্ব আছে কিনা, নকল নবিশরা কীভাবে কাজ করে সবকিছু খতিয়ে দেখার পর আমরা গত দুই-তিন দিনে যেসব দলিল সম্পাদন হয়েছে সেগুলো যাচাই করি। 

দলিল যাচাই করতে গিয়ে আমরা অনেকগুলো অনিয়ম পেয়েছি। একটি দলিলে আবাসিক ভবন থাকা সত্ত্বেও সেটিকে গোপন করে দলিল করা হয়েছে। যেখানে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এছাড়াও আমরা সেবা গ্রহীতাদের সাথে কথা বলে জানতে পেরেছি, নকল নবিশরা নানাভাবে অতিরিক্ত ফি ধরে টাকা আদায় করছে। এগুলোর বিষয়ে আমরা সাব রেজিস্টারকে সতর্ক করেছি এবং আমরা দুর্নীতির যে সকল রেকর্ডপত্র পেয়েছি এগুলোর আলোকে কমিশন বরাবর একটি প্রতিবেদন জমা দিব। কমিশন আমাদের যে ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার অনুমতি দিবে আমরা সেই ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

তিনি আরও বলেন, আমাদের এনফোর্সমেন্ট একটি চলমান প্রক্রিয়া, প্রতিদিনের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা হচ্ছে। কমিশন যখন যেখানে অভিযান পরিচালনার অনুমতি দেয় আমরা সেখানে অভিযান পরিচালনা করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত