ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও অন্তত ২৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় একশো মানুষ। এতে করে এ অঞ্চলে মোট প্রাণহানির সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে।
গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলের নতুন হামলার ধারাবাহিকতায় এ পর্যন্ত ১ হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় বার্তাসংস্থা আনাদোলু।
সংস্থাটির গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের এই গণহত্যামূলক আগ্রাসনে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ২৫ জনে।
এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ হামলায় আহত আরও ৮৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৩২ জনে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তার পাশে পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।
দীর্ঘ ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস গাজায় তুলনামূলক শান্তিপূর্ণ সময় কাটলেও, মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের প্রেক্ষিতে ইসরায়েল ফের বিমান হামলা শুরু করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ৪ হাজার ৪০০ জন। এই হামলার মাধ্যমে ইসরায়েল কার্যত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলের এই আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি উপত্যকার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।
এর আগে, গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়াও, গাজায় চালানো আগ্রাসনের দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল।
মিরপুরে দুপক্ষের গোলাগুলি, আহত ৩
বৃষ্টিতে স্বস্তি বজ্রে বিষাদ