নবজাতকসহ সেই মা এখন মিরপুর আশ্রয় কেন্দ্রে 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৮ পিএম

ফেনীর পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেওয়া ‘মানসিক ভারসাম্যহীন’ সেই নারীর অবশেষে ঠাই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ভবঘুরে হিসেবে শনাক্ত করেছেন।

বুধবার (১৬ এপ্রিল) তাকে উদ্ধার করে পরশুরাম থানা পুলিশের উদ্যোগে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

জানা যায়, বুধবার (২ এপ্রিল) পরশুরাম পৌর এলাকার খোন্দকিয়া এলাকায় ওই নারী রাস্তায় প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপর থেকে সন্তানকে নিয়ে হাসপাতালেই ছিলেন। কিন্তু হাসপাতালে নার্স ও চিকিৎসককে ফাঁকি দিয়ে ফের পৌর এলাকার খন্দোকিয়া এলাকায় রাস্তায় ঘুরাঘুরি করতে থাকেন।

মানসিক ভারসাম্যহীন ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। মধ্যবয়সী এই প্রসূতি ও নবজাতক সুস্থ আছে। শুদ্ধ ভাষায় কথা বললেও এই নারী নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছেন না। শুধু জানিয়েছেন, তার নাম শামীমা, পিতার নাম আনোয়ার হোসেন, মাতার নাম আঞ্জুমান। স্বামীর কথা জানতে চাওয়া হলে জানান, স্বামী বাইরে আছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, গত ২ এপ্রিল স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। কয়দিন আগেই তিনি খোন্দকিয়া গ্রামে চলে গেলে তাকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবঘুরে হিসেবে সনাক্ত করে পুলিশ হেফাজতে সরকারি আশ্রয় কেন্দ্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশ হেফাজতে তাকে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত