আদালত অবমাননার অভিযোগের মুখে ট্রাম্প প্রশাসন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৬ এএম

যুক্তরাষ্ট্রে ফেডারেল আদালতের আদেশ অমান্য করে ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের এল সালভাদরে পাঠানোয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ফৌজদারি আদালত অবমাননার অভিযোগের মুখে পড়তে পারেন বলে জানিয়েছেন ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জাজ জেমস বোয়াসবার্গ। স্থানীয় সময় গত বুধবার বোয়াসবার্গ তার লিখিত রায়ে বলেন, কর্মকর্তাদের ফৌজদারি আদালত অবমাননার মুখোমুখি করার ‘সম্ভাব্য কারণ’ পেয়েছেন তিনি।

বিবিসি বলছে, ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের ১৭৯৮ সালের যুদ্ধকালীন আইনের আওতায় এল সালভাদরে নিয়ে যাওয়ার ফ্লাইট আটকে দিয়ে গত ১৫ মার্চে দেওয়া আদেশ ‘ইচ্ছাকৃত অমান্য’ করেছে ট্রাম্প প্রশাসন। এ কারণেই প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা যেতে পারে। এল সালভাদরে পাঠানো ওই অভিবাসীদের আইনজীবী ও পরিবারের সদস্যরা বলছে, যাদের পাঠানো হয়েছে তারা গ্যাং সদস্য নন, বরং সরকারের অভিযোগ চ্যালেঞ্জ করার সুযোগ না পেয়েই তারা দেশছাড়া হয়েছেন।

ট্রাম্প ২০ জানুয়ারিতে প্রেসিডেন্টের ক্ষমতা নেওয়ার পর তার প্রশাসনকে সাজার মুখোমুখি করতে অন্য কোনো আদালতের চেয়ে বোয়াসবার্গের রায়েই সরাসরি কঠোর বার্তা এসেছে এবং বিচারিক ও নির্বাহী শাখার মধ্যে সংঘাত বেড়েছে। বোয়েসবার্গ বলেছেন, ট্রাম্প প্রশাসন চাইলে এখনো তার নির্দেশ মেনে আদালত অবমাননার অভিযোগ এড়াতে পারে। সে ক্ষেত্রে প্রশাসনকে ভেনেজুয়েলার ওই অভিবাসীদের তাদের বিতাড়নের পদক্ষেপের বিরুদ্ধে আদালতে লড়ার সুযোগ দিতে হবে।

বিচারক এজন্য প্রশাসনকে ২৩ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে জানাতে হবে আদেশ পালনে তারা কী পদক্ষেপ নেবে অথবা আদেশ অমান্যের জন্য কে বা কারা দায়ী, যাতে তাদের বিচার করা যায়। বিচারক উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতের আদেশ নিয়ে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের একটি পোস্ট আবার শেয়ার করেন এবং লেখেন, ‘ওহ! বড্ড দেরি হয়ে গেছে।’

বিচারক লেখেন, এ ধরনের আচরণ থেকে বোঝা যায়, সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই আদালতের আদেশ লঙ্ঘন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত