ক্যানসারের ভয় ভয়ংকর

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৬ এএম

ভারতের দিল্লির কাছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক আবাসন ব্যবসায়ী স্ত্রীকে গুলি করে হত্যা করেন এবং পরে নিজেও আত্মহত্যা করেন। কুলদীপ ত্যাগী (৪৬) নামের ওই ব্যবসায়ী একটি সুইসাইড নোট রেখে গেছেন। সেখানে তিনি লিখেছিলেন, তার ক্যানসার ধরা পড়েছে। আর তিনি চান না তার চিকিৎসায় অর্থ অপচয় হোক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এই দম্পতি দুই ছেলেসন্তান ও কুলদীপের বাবার (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা) সঙ্গে বসবাস করতেন। গত বুধবার এ ঘটনা ঘটেছে। কুলদীপের ওই সুইসাইড নোটে আরও লেখা ছিল, তিনি স্ত্রী অনশু ত্যাগীকে হত্যা করেছেন। কারণ, তারা একসঙ্গে থাকার শপথ করেছিলেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, কুলদীপ তার স্ত্রীকে একটি লাইসেন্স করা রিভলবার দিয়ে গুলি করে হত্যা করেন এবং তারপর তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনার সময় তাদের দুই ছেলে বাড়িতে ছিলেন। গুলির শব্দ শোনার পর তারা দৌড়ে তাদের মা-বাবার কক্ষে যান। কুলদীপের মরদেহ মেঝেতে পাওয়া যায় এবং অনশুর মরদেহ বিছানায় ছিল। দুজনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ওই কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। নোটে লেখা ছিল : ‘আমি ক্যানসারে আক্রান্ত। আমার পরিবার তা জানে না। আমি চাই না চিকিৎসায় অর্থ অপচয় হোক। কারণ বেঁচে থাকার সম্ভাবনা অনিশ্চিত। আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। কারণ, আমরা চিরকাল একসঙ্গে থাকার শপথ নিয়েছিলাম। এটি আমার সিদ্ধান্ত। কেউ, বিশেষ করে আমার সন্তানরা দায়ী নয়।’

পুলিশ রিভলবারটি জব্দ করেছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পুনম মিশ্র বলেন, ‘কুলদীপ ত্যাগী তার স্ত্রীর এবং তারপর নিজের ওপর লাইসেন্স করা রিভলবার দিয়ে গুলি চালিয়েছেন। একটি সুইসাইড নোটে কুলদীপ ত্যাগী বলেছেন, তিনি ক্যানসারে আক্রান্ত এবং তার পরিবার তা জানে না। তিনি চান না তার চিকিৎসায় অর্থ খরচ করা হোক। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি স্ত্রী ও নিজেকে হত্যা করবেন। আমরা এই বিষয়টি তদন্ত করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত