ব্রাজিল তারকা নেইমার আর ‘ইনজুরি’ শব্দটা যেন সমার্থক হয়ে গেছে। এবারও তার ব্যতিক্রম হলো না। মাঠে ফিরে আবারও চোট পেয়েছেন নেইমার।
গত মাসের শুরুতে ব্রাগান্তিনোর বিপক্ষে বাঁ ঊরুতে চোট পেয়ে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। সুস্থ হয়ে গত রবিবার ব্রাজিলের শীর্ষ লিগ সিরি আতে ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। এরপর কাল লিগে অ্যাথলেটিক মিনেইরোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলে জয়ের ম্যাচে সেই বাঁ ঊরুতেই ফের চোট পেয়েছেন ব্রাজিল সুপারস্টার। মাঠ থেকে কার্টে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। কার্টে বসে মুখ ঢেকে কাঁদতে দেখা যায় ব্রাজিল তারকাকে। এ যাত্রায় তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত নয়। শেষ কবে একটি মৌসুম ভালোভাবে শেষ করতে পেরেছেন সেটা খুঁজে বের করাই গবেষণার বিষয়! সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে সর্বোচ্চ ৩৫টি ম্যাচ খেলেছিলেন।
