রিজার্ভ চুরির প্রতিবেদন ১৮ মে দাখিলের নির্দেশ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ এএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ৯ বছর আগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান আদালতে প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ দিন ধার্য করেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে ৮৪ বারের মতো তারিখ ধার্য হলো।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটে। ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিভিন্ন অ্যাকাউন্টে অন্তত ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষে অজ্ঞাতনামাদের আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের হয়। রিজার্ভ চুরির পর এখন পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করেছে। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল উদ্ধারের জন্য মার্কিন আদালতে রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে ২০২৩ সালের ২ মার্চ নিউ ইয়র্ক  সুপ্রিমকোর্ট ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের করা মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দিলেও আরসিবিসির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত