একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ এএম

আগামী অমর একুশে বইমেলা ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। রোজার কারণে মেলা এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। আগামী বছর ৮ বা ৯ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভাষা আন্দোলনের স্মৃতিবাহী এ মেলা প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয়ে চলে মাসব্যাপী। এই মেলা বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে

চলতি বছরের মেলাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে যথাসময়ে অনুষ্ঠিত হতে পারেনি। ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি।  গতকাল রবিবার বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মেলা এগিয়ে আনার তারিখ ঘোষণা করেছে। তবে কী কারণে মেলা এগিয়ে আনা হচ্ছে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ২০২৭ সালের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত