আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে দুই নবগঠিত দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত ২০ এপ্রিল সময়সীমা শেষ হওয়ার আগেই এই দলগুলো ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করেছে।
গতকাল বৃহস্পতিবার দল দুটোর পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেওয়া আলাদা আলাদা চিঠিতে তারা এ দাবি জানায়।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে। এনসিপির চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ও প্রাসঙ্গিক আইনের অধীনে রাজনৈতিক দল নিবন্ধন শর্তাবলিগুলো সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক। আগের স্বৈরাচারী সরকারের আমলে তৈরি এই বিধিগুলো রাজনৈতিক বহুত্ববাদকে সংকুচিত এবং ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রণীত। এ ছাড়া নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন নিজেই জেলাপর্যায় ১০% এবং উপজেলাপর্যায়ে ৫% কার্যালয় স্থাপনের শর্ত সহজীকরণের পাশাপাশি প্রতি পাঁচ বছরে নিবন্ধিত দলের নিবন্ধন নবায়নের বাধ্যবাধকতার প্রস্তাব দিয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো এবং ব্যক্তিদের নিয়োগ বিতর্কিত ২০২২ সালের আইন অনুসারে গঠিত সার্চ কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, রাজনৈতিক প্রভাব ও নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থতার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপরিহার্য বিশ্বাসযোগ্যতা ক্ষুণœ করছে। সুতরাং বর্তমানের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধন-পূর্বক নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া দরকার। এ ছাড়া মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক।
এমন অবস্থায় দ্রুত নির্বাচন কমিশন-সংক্রান্ত মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময় ৯০ দিন বাড়ানোর অনুরোধ করা হয় চিঠিতে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচন কমিশন আইন এবং নিবন্ধন আইন বিধিমালা এ দুটোই বিতর্কিত। সংস্কার কমিশনও এ দুটো আইন ও বিধিমালায় সংস্কারের জন্য সুপারিশ করেছে। এ বিষয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত না আশা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত বলে মনে করি। তাই আমরা নিবন্ধনের সময় বাড়ানোর জন্য ইসিকে চিঠি দিয়েছি।’
অন্যদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবিতে ইসিতে চিঠি দিয়েছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি-বিএজেপি’। গতকাল দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিব বরাবর চিঠি দিয়েছে।
তাসনিম বলেন, ‘নিবন্ধন আবেদনের সময়সীমা তিন মাস বাড়ানোর দাবি জানিয়ে ইসি সচিবের কাছে দেওয়া চিঠি ডেসপ্যাচে জমা দিয়েছি। ২০ এপ্রিল শেষ হচ্ছে আবেদনের সময়। বাস্তবতা বিবেচনা করে এ সময়সীমা ৯০ দিন বাড়াতে আমরা আবেদন করেছি।’
