বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ফারুক এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার চলমান প্রক্রিয়া। সব সংস্কার করতে বর্তমান সরকারের তিন-পাঁচ বছর সময় লাগবে। এই তিন থেকে পাঁচ বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন?’ তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে, তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরও অনেক দাবি-দাওয়া তখন আসতে পারে। সেগুলো আমলে নিয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার।’
সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
