ইমেজিং সেন্টারে রোগীর পরীক্ষা-নিরীক্ষা শুরু

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫২ এএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টারে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এ সেন্টার থেকে বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের উদ্যোগে রোগীদের এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম ও বিএমডিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রথমতলায় রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টার। এ সেন্টার থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দুই শিফটে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম, মেমোগ্রাম ও বিএমডি (হাড়ের পরীক্ষা) পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে অনলাইনে (ssh.
bsmmu.ac.bd) সিরিয়ালের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা শুরু হয়েছে। এ ক্ষেত্রে সিরিয়াল ও টাকা জমা দেওয়ার যে ভোগান্তি সেটা কমেছে। বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই রোগীরা এখানে এসব পরীক্ষা-নিরীক্ষা করতে পারছেন। এমআরআইর মধ্যে এমআরআই অব হোল এবডোমেন, এমআরআই অব চেস্ট, এমআরআই অব কেইউবি, ইন্টারোগ্রাফি, এমআরএ অ্যান্ড এমআরভি, এমআরআই অব নেক ভেসেলস, এমআরআই অব লিভার, এমআরসিপি, এমআরআই অব অরবিট, এমআরএ রেনাল এনজিও ইত্যাদি জটিল পরীক্ষা এ সেন্টার থেকে করা হচ্ছে। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে দক্ষ টেকনিশিয়ান ও টেকনোলজিস্টদের পরীক্ষার পর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিশেষজ্ঞ চিকিৎসকরা রিপোর্ট তৈরি করে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং সেন্টার থেকে জানুয়ারি ২০২৩ থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত ৮ হাজার ৬৭৭টি এক্স-রে, ৩ হাজার ৬১৬টি এমআরআই, ২ হাজার ৭২টি সিটি স্ক্যান, ১৪৬টি মেমোগ্রাম এবং ১৭৫টি বিএমডি পরীক্ষা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত