গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সপ্তাহজুড়ে পাকিস্তানে বিক্ষোভ চলাকালে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্ট-ফুড রেঁস্তোরা চেইন কেএফসির একাধিক আউটলেটে হামলা-ভাঙচুর করা হয়েছে। এতে লাহোরের একটি আউটলেটে বন্দুকধারীদের গুলিতে এক কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করাচি, লাহোর ও ইসলামাবাদসহ পাকিস্তানের প্রধান প্রধান শহরে অন্তত ১১টি হামলার ঘটনায় অন্তত ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লাহোর পুলিশ জানায়, হামলার পর শহরজুড়ে ২৭টি কেএফসি আউটলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরটিতে দুইটি হামলা সংঘটিত হয়েছে এবং পাঁচটি হামলা পুলিশ ঠেকাতে পেরেছে বলে জানান লাহোর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ফয়সাল কামরান।
ইসলামপন্থি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর এক সদস্যসহ মোট ১১ জনকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দলটি বিক্ষোভ আয়োজন করেছে—এমন কোনও প্রমাণ নেই।
টিএলপি-র মুখপাত্র রেহান মহসিন খান বলেন, ‘আমরা মুসলিমদের ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছি, তবে কেএফসি-র সামনে প্রতিবাদের ডাক দেয়নি। কোনো ব্যক্তি দলীয় পরিচয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলেও, সেটি দলীয় নীতির অংশ নয়।’
কেএফসিকে দীর্ঘদিন ধরে পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে মনে করা হয়। সাম্প্রতিক বিক্ষোভে ও হামলায় মার্কিনবিরোধী মনোভাবের কারণে কেএফসি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
