ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তিন তরুণকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটকরা হলো আরমান (২২), মোহাম্মদ সাকিব হাসান (১৯) ও মেহেদী হাসান (২০)। আরমান রাজধানীর মোহাম্মদপুর, সাকিব ঢাকার আশুলিয়া ও মেহেদী বরিশালের মুলাদী এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শেরেবাংলা নগর থানাধীন পুরাতন বাণিজ্য মেলার মাঠসংলগ্ন এলাকায় সাত-আট যুবক সশস্ত্র ছিনতাইয়ের পরিকল্পনা করছে এ খবরে বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড সদর দপ্তর সাপোর্ট ইউনিট ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সব আলামতসহ আটক ছিনতাইকারীদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি
